খনিজ তেল উৎপাদন বাড়ানোর তাগিদ মাস্কের

৭ মার্চ, ২০২২ ০৯:০৪  
গত বছরই প্রায় দশ লাখ বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন করেছে ইলন মাস্কের টেসলা। লাখ কোটি ডলার বাজারমূল্যেও পৌঁছে গেছে কোম্পানিটি। অথচ এরই মধ্যে ব্যাটারি বানানো নয়, খনিজ তেলের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিদ্যুচ্চালিত গাড়ির ব্যবহার বাড়ানো আন্দেলনের এই মুখপাত্র। এ নিয়ে করা টুইটে ইলন মাস্ক লিখেছেন, “বলতে খারাপ শোনালেও, অবিলম্বে খনিজ তেল ও গ্যাসের উৎপাদন বাড়াতে হবে। বিশেষ সময়ে বিশেষ পদক্ষেপ দাবি করে।” এরপর রিটুইট করে তিনি আরো লিখেছেন, “যদিও এতে টেসলার উপর বিরূপ প্রভাব পড়বে, কিন্তু ‘শক্তির টেকসই সমাধান’ তাৎক্ষণিকভাবে রাশিয়ার তেল ও জৈব জ্বালানির শূন্যতা পূরণ করতে পারবে না।” এর মাধ্যমে মূলতঃ রাশিয়ার তেল পাইপলাইনের উপর বৈশ্বিক নির্ভরতার কথাই উল্লেখ করেছেন মাস্ক। তবে মাস্ক আসলেই তার টুইট অনুযায়ী পরিকল্পনা করছেন, নাকি মজা করছেন তা এখনো স্পষ্ট নয়।